মরক্কো-কানাডীয় গায়িকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি নতুন ফুটবলভিত্তিক অ্যান্থেম গান ‘দ্য ভিক্টরি অ্যান্থেম: চ্যাম্পিয়ন্স’ প্রকাশ করেছেন। গানটিতে ফুটবল-অনুপ্রাণিত ভিজ্যুয়াল ও প্রাণবন্ত নৃত্য পরিবেশনার মাধ্যমে নতুনভাবে হাজির হয়েছেন এই তারকা।
নোরা ফাতেহি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটি প্রকাশ করেন। মিউজিক ভিডিওতে তাকে ফুটবল জার্সি পরে উচ্ছ্বসিত নাচে অংশ নিতে দেখা যায়। ভিডিওতে ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিও গানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
গানটি প্রকাশের পর ভক্ত ও বিভিন্ন তারকা নোরার নতুন সংগীতকে প্রশংসায় ভাসিয়েছেন। বিশেষ করে ফুটবল-ভিত্তিক থিম ও তার উদ্দীপনাময় পরিবেশনা ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এর আগে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত প্রযোজক সঞ্জয় দেবের সঙ্গে নোরা ফাতেহি পরিবেশন করেছিলেন আলোচিত অফিশিয়াল বিশ্বকাপ সংগীত ‘সির সির’।
সেই সফলতার ধারাবাহিকতায় আবারও একসঙ্গে কাজ করেছেন নোরা ও সঞ্জয় দেব। তাদের নতুন এই যৌথ গান ‘চ্যাম্পিয়ন্স’ ফুটবলপ্রেমীদের জন্য নতুন উচ্ছ্বাস নিয়ে এসেছে।
বিশ্বকাপ চলাকালেও নোরা ফাতেহি নিজের জন্মভূমি মরক্কোর প্রতি সমর্থন জানিয়েছিলেন। মরক্কো নকআউট পর্বে (রাউন্ড অব ৩২) জায়গা নিশ্চিত করার পর তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘এই ম্যাচ দেখে প্রায় হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল! বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ওঠার জন্য মরক্কোকে অভিনন্দন!’


